বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
 

সরকারি সময় ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, কুমিল্লা মেডিকেলের ডা. মনিরুলকে ঘিরে প্রশ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬

---
অনুসন্ধানী প্রতিবেদক:
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মঘণ্টায় দায়িত্ব পালন না করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখার অভিযোগ উঠেছে।

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালে দায়িত্ব পালনের কথা থাকলেও অভিযোগ রয়েছে, ডা. মনিরুল ইসলাম প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণপাড়া ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন।

অভিযোগ অনুযায়ী, ওই সময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের রাউন্ড, আউটডোরে চিকিৎসাসেবা এবং মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে তাঁর দায়িত্ব পালনের কথা। ফলে সরকারি কর্মঘণ্টায় তিনি বেসরকারি প্রতিষ্ঠানে থাকলে হাসপাতালে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া তিনি প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড (টাওয়ার হাসপাতাল)-এ রোগী দেখেন বলে জানা গেছে। স্থানীয় রোগী ও সচেতন নাগরিকদের প্রশ্ন—“সরকারি কর্মঘণ্টার মধ্যে যদি একজন চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখেন, তাহলে সরকারি হাসপাতালে তাঁর দায়িত্ব কে পালন করছেন?”

সরকারি কর্মঘণ্টায় বেসরকারি প্র্যাকটিসের অভিযোগ সত্য হলে বিষয়টি সরকারি চাকরির শৃঙ্খলা ও দায়িত্ব পালনের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা তদন্তের দাবি উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তরের উচিত ডা. মনিরুল ইসলামের উপস্থিতির রেকর্ড, ডিউটি রোস্টার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেম্বার শিডিউল যাচাই করে অভিযোগের সত্যতা উদঘাটন করা।

এ বিষয়ে ডা. মো. মনিরুল ইসলামের বক্তব্য জানা সম্ভব হলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon