![]()
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও ৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সরাইল থানা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে উপজেলার কুট্টাপাড়া তিন রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, কুট্টাপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সালমা বেগম (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কসবা উপজেলার রামপুর মাইজপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আখাউড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে বিভিন্ন এলাকা থেকে মজবুর রহমান (২১), আবু সালায়মান (২২), মো. আকাশ মিয়া (২৪), সুজন মিয়া (২৪), আবুল হোসেন, আব্দুল জলিল (২৫), জাহিদুল ইসলাম (২৬), তামিম খান (২৬) ও ইমরান হোসেন সাদিক (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আবুল হোসেনের কাছ থেকে ৩ পুরিয়া গাঁজা ও ২টি ইয়াবা ট্যাবলেট এবং ইমরান হোসেন সাদিকের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অন্যদের কাছ থেকেও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সরাইল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আধুনিক সরাইল গঠনে কোন ধরনের অপরাধীদের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে আমাদের পুলিশের অভিযান চলমান থাকবে।



মন্তব্য