![]()
জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে পিকআপচালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে মরদেহ সড়কে রেখে প্রায় তিন ঘণ্টা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের রেজওয়ান হোসেন (৩৫) এবং বগুড়া সদর উপজেলার হেলেনসা পাড়ার সাদ্দাম হোসেন (৩০)। রেজওয়ান পিকআপটির চালক ছিলেন। সাদ্দাম দুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শাহজাদপুরের দিকে যাচ্ছিল একটি পিকআপ। পাটধারী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন চালক রেজওয়ান।
পরে স্থানীয়রা আহত রেজওয়ানকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক কিশোর কুমার জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে না আসায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার খবর দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়। আহত চালককে দ্রুত হাসপাতালে নেওয়া গেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।
এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নিহতদের মরদেহ সড়কের ওপর রেখে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সলঙ্গা থানা পুলিশের অনুরোধে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



মন্তব্য