![]()
শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জজ আলী বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যান জজ আলী বিশ্বাস। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।পরে খবর পেয়ে ভোররাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জজ আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জজ আলী বিশ্বাসের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওসি আরও বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মোটর চুরির অভিযোগে কাউকে আটক করে আইন নিজের হাতে তুলে নিয়ে মারধরের ঘটনায় জজ আলী বিশ্বাসের মৃত্যু হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য