![]()
মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্রবার (১৫ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শহর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পূর্ব মেড্ডা এলাকায় একটি পালসার মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া, চারটি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের সুরুজ আলীর ছেলে নুরুল ইসলাম এবং বিহাইর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে আশিকুল ইসলাম।
পুলিশের দাবি, নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি মাদক মামলা, একটি চুরি, একটি ডাকাতির প্রস্তুতি এবং অন্যান্য ধারায় একটি মামলা রয়েছে। এছাড়া আশিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে আরো জানান এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য