![]()
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
শত ব্যস্ততা আর হাজারো কর্মযজ্ঞ পিছনে ফেলে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন পিকনিক ও মিলনমেলা। দিনব্যাপী এই মিলনমেলা ও সাংগঠনিক সভায় সাংবাদিকদের অংশগ্রহণ যেন পারস্পরিক সোহার্দ্য বাড়াতে এক অতুলনীয় ভূমিকা পালন করেছে।পেশাগত কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে ও সংবাদকর্মীদের মাঝে পারস্পারিক সৌহার্দ বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় এক ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী কসবার উজিরপুর দরগায় মনোরম ও শান্ত পরিবেশে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের সকল সংবাদকর্মী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার ১৪ আগস্ট নাচোলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমাজের দর্পণ হিসেবে সংবাদকর্মীদের সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার উপর জোর আরোপ করা হয়। নাচোলের সম্ভাবনা, ঐতিহ্য এবং স্থানীয় মানুষের নানাবিধ সমস্যার কথা লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুর রহমান মানিক। তিনি বলেন, অপসাংবাদিকতা রোধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। জমকালো এই আয়োজনে নাচোল উপজেলা শাখা মানবাধিকারের সাধারণ সম্পাদক এবং নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন বলেন, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের এই মাসিক সভা ও মিলনমেলা সাংবাদিকদের কাজের একঘেয়েমি কাটিয়ে পারস্পারিক সম্প্রীতি ও বন্ধনকে আরো গভীর করবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের নান্দনিক আয়োজন সাংবাদিকদের মাঝে ঐক্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হলে গণমাধ্যমকর্মীদের মধ্যে সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই বলেও তিনি তার মন্তব্য প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ডন।
সভার আনুষ্ঠানিকতা শেষে উজিরপুর দরগার প্রাকৃতিক ও মনোরম পরিবেশে সদস্যরা দৈনন্দিন কাজের ধকল ভুলে মেতে ওঠে আড্ডায়। যা উপস্থিত সবার মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। দিনব্যাপী এই প্রাণবন্ত আয়োজন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নতুন শক্তি যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



মন্তব্য