![]()
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ সময় এক শিক্ষার্থীকে মারধর এবং সংবাদ সংগ্রহ করতে গেলে এক সাংবাদিককে হুমকি দিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালে কয়েকজন শিক্ষার্থী কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলতে তার কক্ষে যান। সেখানে শিক্ষকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হলে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, পরে কয়েকজন শিক্ষার্থী কলেজের অফিস কক্ষে ঢুকে চেয়ার-টেবিল, জানালার কাচ, ফুলের টবসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেন। এ সময় শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত করার অভিযোগও ওঠে।কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম বলেন, কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে কথা বলতে আসেন। তিনি তাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিলে কয়েকজন ঝাড়ু হাতে তার কক্ষে প্রবেশ করেন। অন্য শিক্ষকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।
তিনি বলেন, আমি বাইরে বের হয়ে গেলে তারা চেয়ার-টেবিল, অফিস কক্ষের কাচ ও ফুলের টবসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত করার মতো পরিস্থিতি তৈরি হয়।এদিকে, ঘটনার সময় এক শিক্ষার্থীকে মারধর এবং ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিককে হুমকি দিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। খবর পেয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট সদর থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



মন্তব্য