![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও উপজেলা সংলগ্ন ওয়েব্রিজ স্কেল (ওয়ে-ব্রিজ) পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফেরিঘাটের সার্বিক কার্যক্রম, যানবাহনের ওজন নির্ধারণ, টিকিটিং ব্যবস্থা এবং ঘাটের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর আগে তারা আরিচা ও পাটুরিয়া ঘাটও পরিদর্শন করেন। পরে দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে পাটুরিয়া ঘাটের কার্যক্রম পরিদর্শন চলমান ছিল।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, ‘আমরা তিনজন ডিরেক্টরসহ পরিদর্শনে এসেছি। প্রথমে আরিচা ঘাট পরিদর্শন করেছি, এরপর পাটুরিয়া ঘাট দেখেছি। পরে দৌলতদিয়া ঘাটে এসেছি।’
তিনি বলেন, ‘কোনো যানবাহনে ওভারলোড থাকলে সেটি নির্ধারিত ওজনের ভিত্তিতে গণনা করা হবে। প্রতিটি গাড়ির জন্য নির্ধারিত ওজন রয়েছে। নির্ধারিত ওজনের চেয়ে বেশি মালামাল বহন করলে তা ওভারওয়েট হিসেবে গণ্য হবে এবং অতিরিক্ত মালামালের জন্য অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে।’
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের কার্যক্রম মোটামুটি আপডেটিং পর্যায়ে আছে, তবে আরও আধুনিকায়ন করতে হবে। একটি স্মার্ট বিআইডব্লিউটিসি কীভাবে করা যায়, সে বিষয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। এমন একটি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ঢাকায় হেড অফিসে বসেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণ করা যায়।’
তিনি বলেন, ‘অপারেটিং সিস্টেম সঠিকভাবে কাজ করছে কি না, তা মন্ত্রণালয় ও হেড অফিস থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সাংবাদিকদের সঙ্গে নিয়ে আমরা এখানকার বিভিন্ন বিষয় দেখেছি এবং আপডেটিংয়ের কাজ করছি।’
টিকিটিং ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘যেহেতু এখানে টিকিটের সিস্টেম রয়েছে, তাই নির্ধারিত নিয়মে টিকিট নিয়েই যানবাহনকে ফেরিতে পার হতে হবে। ভবিষ্যতে আরও স্মার্ট পদ্ধতি ব্যবহার করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা হবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর আশিকুর জামান, ফাইন্যান্সিয়াল ডিরেক্টর শেখ মোহাম্মদ নাসিম, উপ-সহকারী পরিচালক ছালাম হোসেন, অফিসার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোঃ রবিউলজ্জামান, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বশির আহমেদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হোসেন (তুজাম) এবং রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস আহমেদ হোসেন সাগরসহ সংশ্লিষ্টরা।



মন্তব্য