সোমবার, ২৪ আগস্ট ২০২৬
 

কর্ণফুলীতে টাস্কফোর্সের অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাইমদ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬

---
সাইফুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় টাস্কফোর্সের অভিযানে ইয়াবা, গাঁজা, চোলাইমদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ একজনকে আটক করা হয়। অপর একজন পালিয়ে গেছেন। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় রিভারভিউ ক্লাবের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস। এ সময় উপজেলা প্রশাসন, কর্ণফুলী থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।অভিযানে শিকলবাহা আদর্শ পাড়ার আব্দুল মজিদ সওদাগর বাড়ির আব্দুল কাদের (৩৮) পালিয়ে যান। তাঁর কাছ থেকে ৩০টি ইয়াবা বড়ি, ৫০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাইমদ ও ১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, শিকলবাহা ইউনিয়নের সওদাগর বাড়ির মুজিবুর রহমান (৫৫)-এর কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসার বিষয়টি উঠে এসেছে। এরই ধারাবাহিকতায় টাস্কফোর্সের অভিযানে শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইয়াবা, দেশীয় মদ ও গাঁজা উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকমুক্ত কর্ণফুলী গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল বলেন, টাস্কফোর্সের অভিযানে মাদকসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযানে সহযোগিতা করেছে। তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, টাস্কফোর্স আইনগত ব্যবস্থা নেবে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের সমন্বয়ে কর্ণফুলীসহ চট্টগ্রাম জেলায় মাদকবিরোধী অভিযান ও টাস্কফোর্সের অভিযান চলমান রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon