![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগ মল্লিককে নতুন রাজনৈতিক নেতৃত্বে দেখতে চান। আগামী দিনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে প্রার্থী হিসেবে পাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় দলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে দলের চরম দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন সোহাগ মল্লিক। বিগত সরকারের আমলে দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি তৃণমূল কর্মীদের সংগঠিত রাখা এবং সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
শৌলজালিয়া ইউনিয়নের একাধিক প্রবীণ ও তরুণ বিএনপি নেতাকর্মী জানান, সোহাগ মল্লিক একজন সৎ, পরিশ্রমী ও ত্যাগী সংগঠক। ইউনিয়নের সাংগঠনিক ভিত্তি শক্ত করতে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তার বিকল্প নেই।
নেতাকর্মীদের মতে, বিএনপিকে সুসংগঠিত রাখতে তাকে ইউনিয়নের সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা প্রয়োজন। পাশাপাশি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে দলীয় সমর্থন পেলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে তৃণমূলের এই প্রত্যাশাকে স্বাগত জানিয়ে মো. সোহাগ মল্লিক বলেন, “আমি সবসময় দলের নির্দেশ মেনে রাজপথে থেকেছি এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তৃণমূলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন বলেই এমন দাবি করছেন। দলের হাইকমান্ড ও স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন, আমি তা মাথা পেতে নেব। দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয় কিংবা জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দেয়, তবে সততার সাথে তা পালন করব।”



মন্তব্য