সোমবার, ২৪ আগস্ট ২০২৬
 

পাথরঘাটায় বরফ সংকটে বিপাকে মৎস্য ব্যবসায়ীরা, সিন্ডিকেটের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬

 ---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
উপকূলীয় মৎস্যবন্দর বরগুনার পাথরঘাটায় বরফের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে বরফকল মালিকদের বিরুদ্ধে। এতে জেলে, পাইকার ও আড়তদারসহ মৎস্য ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি বরফকল বন্ধ থাকা এবং ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র বরফের সংকট তৈরি করছে। আগে যেখানে একটি বরফের ক্যান ১২০ টাকায় বিক্রি হতো, বর্তমানে সেটি ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
শনিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন পাইকার ও আড়তদার সমিতির নেতারা। তাদের দাবি, বরফের অতিরিক্ত দামের কারণে মাছ সংরক্ষণ ব্যাহত হচ্ছে। সময়মতো বরফ না পাওয়ায় প্রতিদিন বিপুল পরিমাণ মাছ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পাথরঘাটা বিএফডিসি পাইকার সমিতির নেতা জাকির হোসেন বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর পাথরঘাটায় বর্তমানে বরফ সংকট ও অতিরিক্ত দামের কারণে মৎস্য ব্যবসায়ীরা চরম দুর্ভোগে রয়েছেন। বেশি দাম দিয়েও অনেক ব্যবসায়ী প্রয়োজন অনুযায়ী বরফ সংগ্রহ করতে পারছেন না। এতে লাখ লাখ টাকার মাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, গত ১৫ দিনে অতিরিক্ত দামে বরফ কিনতে গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা বেশি নেওয়া হয়েছে। এ অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার বরফকল মালিকদের
বরফকল মালিকদের বিরুদ্ধে ওঠা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন বরফকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। তিনি বলেন, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বৃদ্ধির কারণে বরফ উৎপাদনের খরচ বেড়েছে। এ কারণে কোনো কোনো বরফকল মালিক বাড়তি দামে বরফ বিক্রি করছেন। তবে এর সঙ্গে কোনো ধরনের সিন্ডিকেট জড়িত নয়।
সেলিম চৌধুরী আরও বলেন, সমুদ্রগামী ট্রলারগুলো বরফকল থেকে সরাসরি বিপুল পরিমাণ বরফ সংগ্রহ করে। একটি ট্রলার একসঙ্গে ১০০ ক্যানের বেশি বরফ নেওয়ায় তাদের ক্ষেত্রে দাম তুলনামূলক কম রাখা হয়।
তার দাবি, ছোট ব্যবসায়ীরা কম পরিমাণে বরফ সংগ্রহ করেন। তাদের জন্য আলাদাভাবে শ্রমিক নিয়োজিত রাখা এবং দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন হয়। শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ বিবেচনায় কম পরিমাণে বরফ নেওয়া ব্যবসায়ীদের ক্ষেত্রে দাম কিছুটা বেশি রাখা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বরফের সংকট ও অতিরিক্ত দাম নিয়ে মৎস্য ব্যবসায়ীদের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মৎস্য ব্যবসায়ীদের দাবি, দ্রুত বরফের সরবরাহ স্বাভাবিক করা গেলে মাছ সংরক্ষণে অনিশ্চয়তা কমবে এবং মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত হাজারো মানুষের দুর্ভোগও লাঘব হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon