![]()
নাচোল প্রতিনিধি, হেলাল উদ্দীন
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বর্দ্ধাইচন্ডিপুর বাইলকাপাড়া আলিম মাদ্রাসায় চলতি বছরের দাখিল পরীক্ষায় সন্তোষজনক সাফল্য অর্জিত হয়েছে। এবারের পরীক্ষায় মাদ্রাসার পাশের হার ৫০ শতাংশ, যা গ্রামীন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের একটি ইতিবাচক দিক। এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে অত্র মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা মোঃ সোলায়মান আলী বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে আমরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছি। করোনাকালীন ক্ষতি এবং পরবর্তী সময়ে সিলেবাস শেষ করার যে চ্যালেঞ্জ ছিল, তা আমাদের শিক্ষকরা নিষ্ঠার সাথে মোকাবেলা করেছেন। তবে ৫০% পাশের হারে আমরা পুরোপুরি সন্তোষ নই। আমাদের লক্ষ্য আগামী বছর পাশের হার শতভাগে নিয়ে যাওয়া। এজন্য আমরা দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বছরের এখন থেকেই বিশেষ যত্ন নিচ্ছি এবং নিয়মিত মডেল টেস্টের আয়োজন করা হচ্ছে।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জালাল উদ্দিন বলেন, নিয়মিত শ্রেনী কার্যক্রম এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার ফলে এই সাফল্য এসেছে। শিক্ষকরা আগামীতে শতভাগ পাশের লক্ষ্যমাত্রা অর্জনে এখন থেকেই বিশেষ পাঠদান পরিকল্পনা এবং নিয়মিত অভিভাবক সমাবেশের ওপর জোর দিচ্ছেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির চমৎকার পড়াশোনার পরিবেশ এবং শিক্ষকদের সার্বক্ষণিক তদারকির প্রশংসা করে অভিভাবকরা মাদ্রাসা কর্তৃপক্ষকে আগামীতে আরো ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন।
পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া আতিকা আরজু আঁখি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অত্যন্ত আনন্দঘন কণ্ঠে বলেন, আজকের এই আনন্দের দিনটি আমার জীবনের অন্যতম সেরা একটি দিন। ফলাফল দেখার পর থেকে আমার ও আমার পরিবারের সবার আনন্দের সীমা নেই। আমাদের এ সফলতার পেছনে আমাদের শ্রদ্ধেয় সুপার স্যারসহ সকল শিক্ষকের অবদান অপরিসীম।
ফলাফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানো হয় এবং মাদ্রাসার পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।



মন্তব্য