![]()
মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি;
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের স্মরণে দ্বিতীয়বারে মতো চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬’ আগামী (১২ এপ্রিল, ২০২৬) রবিবার থেকে শুরু হবে| বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বইমেলা ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে|
আজ শনিবার (১১ এপ্রিল, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভা শেষে শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান এসব তথ্য জানান| এসময় তিনি আরো জানান, শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা জনাব মোঃ মকবুল হোসেন| প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এ সময় ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বইমেলা চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে| এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বইমেলা চলবে| তিনি জানান, বইমেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, লেখক আড্ডা, আবৃত্তি ও গ্রন্থ পর্যালোচনার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে|
মতবিনিময় সভায় শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬ আয়োজক কমিটির অন্যান্য সদস্য, শিক্ষার্থী, প্রকাশনী সংস্থা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন|



মন্তব্য