![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সশস্ত্র ডাকাত দলের হামলায় দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে বঙ্গোপসাগরের মংলা বয়ার পশ্চিম পাশে, পাথরঘাটা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নুর আলম খানকে সোমবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়।
গুলিবিদ্ধ জেলেরা হলেন— নুর আলম খান (৪৮), পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা হাজির খাল ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শাহজাহান (৪৫), একই ইউনিয়নের চরলাঠিমারা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে, তারা দুলাল হাওলাদারের মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরছিলেন। দুলাল হাওলাদারের বাড়ি কালমেঘা ইউনিয়নের পশ্চিম গুটাবাছা এলাকায়।
আহত নুর আলম খান জানান, তারা মংলা বয়ার পশ্চিমে মাছ ধরার সময় হঠাৎ একটি ট্রলার তাদের ধাওয়া করে। কাছে আসার পর বুঝতে পারেন সেটি সশস্ত্র ডাকাত দলের ট্রলার। পরিস্থিতি বেগতিক দেখে জেলেরা জাল কেটে দ্রুতগতিতে সরে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় ডাকাতরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। নুর আলমের দাবি, ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন এবং ট্রলারে থাকা শাহজাহান চোখে গুলিবিদ্ধ হন। ট্রলারটিতে মোট ১৪ জন জেলে ছিলেন। ডাকাত দলের ট্রলারে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ছিল বলে ধারণা করা হচ্ছে।
ট্রলারটি ধরতে ব্যর্থ হয়ে একপর্যায়ে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের নিয়ে জেলেরা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
নুর আলম আরও জানান, গত দুই মাস ধরে গভীর সমুদ্রে ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, “এভাবে চলতে থাকলে গভীর সমুদ্রে নিরাপদে মাছ শিকার করা কঠিন হয়ে পড়বে।”



মন্তব্য