![]()
জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাজগঞ্জের কাজীপুর ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মধ্যে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ জোরদার হয়েছে। কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া এলাকায় যমুনার শাখা নদীর ওপর প্রস্তাবিত এ সেতু নির্মিত হলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।বুধবার (১২ আগস্ট) চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন চীনের প্রকল্প টিম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা। তারা যমুনা নদীতে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় কারিগরি বিষয় পর্যবেক্ষণ করেন।
রিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা বলেন, “খুব দ্রুত ভেটুয়া সেতুর কাজ শুরু হবে। সেতুটি নির্মিত হলে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।”
এ সময় কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়দের উদ্দেশে বলেন, সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন হলে এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। প্রকল্পকে ঘিরে এলাকায় কৃষি মার্কেট ও একটি ইকোপার্ক করার পরিকল্পনাও রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হলে কাজীপুরের চরাঞ্চল ও জামালপুরের সরিষাবাড়ীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। বর্তমানে নদীপথ ও ঘুরপথে যাতায়াত করতে গিয়ে চরাঞ্চলের মানুষকে যে সময় ও অর্থ ব্যয় করতে হয়, সেতু চালু হলে তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।বিশেষ করে কৃষকদের জন্য সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চরাঞ্চলে উৎপাদিত ধান, সবজি, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত ও কম খরচে বাজারজাত করা সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদন ও বিপণন ব্যবস্থায় সুবিধা বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও চাঙা হওয়ার সম্ভাবনা রয়েছে।এ ছাড়া চরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া এবং জরুরি চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দুই উপজেলার মানুষের পারস্পরিক যোগাযোগও আরও সহজ হবে।
স্থানীয়রা বলছেন, যমুনার ওপর এ সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের প্রত্যাশা। সেতুটি বাস্তবায়িত হলে শুধু দুই উপজেলার যোগাযোগই সহজ হবে না, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কারিগরি যাচাই, জমি অধিগ্রহণসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাস্তবায়িত হলে ভেটুয়া সেতু কাজীপুরের চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।



মন্তব্য