![]()
খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির কর্তৃক হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহসহ মোট ৩২৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত মে মাসে হাফেজে কুরআন সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন সংগ্রহ করে শাখা ছাত্রশিবির। এতে বিভিন্ন বিভাগের ৩২৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। তার মধ্যে শ্বাসরোধে হত্যাকৃত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহও ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান ৩২৭ জন হাফেজে কুরআনকে ক্রেস্ট ও অর্থসহ কুরআন উপহার দেওয়া হয়।
শাখা ছাত্রশবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, সাজিদ আব্দুল্লাহ কুরআনের হাফেজ ছিলেন। আজকে আমরা তাকে কাছে না পেয়ে ব্যথিত। তার উপহারগুলো পরিবারের নিকট পাঠিয়ে দিব। সেই সাথে দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন।
তিনি আরও বলেন, মৃত্যুর ৪০ দিন পার হলেও এখনো তার হত্যাকারীদের খুঁজে বের করা হয়নি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই অতিদ্রুত তার হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, ইবির সিন্ডিকেট সদস্য ড. আব্দুল মান্নান, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আকতার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী সহ অন্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য