![]()
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি:
রাত পোহালেই চাঁপাইনবাবগঞ্জ জেলার দু’টি আসনে উপ-নির্বাচন। মঙ্গলবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহন। উপ-নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর আসনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী মাথল প্রতীকের মোঃ খুরশিদ আলম বাচ্চু, বিএনএফ’র টেলিভিশন প্রতীকের মোঃ নবিউল ইসলাম ও জাকের পার্টির মোঃ গোলাম মোস্তফা গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ পৌরসভা ও সদর উপজেলা আসনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের মোঃ সামিউল হক লিটন এবং বিএনএফ এর প্রার্থী টেলিভিশন প্রতীকের কামরুজ্জামান খাঁন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ১৮০ টি ভোট কেন্দ্রে মোট ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০জন।
চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে ১৭২ টি ভোট কেন্দ্রে মোট ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপ-নির্বাচনের ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি আছে। নির্বাচনের দিন পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। অর্থাৎ দুই উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।



মন্তব্য