শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
 

জাবি বায়োটেক ক্লাবের নতুন সভাপতি ইয়ামিন, সম্পাদক সাজু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬

---
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের একাডেমিক ও কো-কারিকুলার প্ল্যাটফর্ম ‘বায়োটেক ক্লাব’-এর ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইয়ামিন হাওলাদার (৫০তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক পদে সাজু মন্ডল (৫১তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।

গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ক্লাবটি পরিচালনার লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ২১ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৫০তম ব্যাচের শিক্ষার্থী হিমেল এবং ৫১তম ব্যাচের শিক্ষার্থী প্রমা সাহা।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিভাগের শিক্ষক ও ক্লাবের মেন্টর সিয়াম আহমেদ বলেন, “দায়িত্বশীল নেতৃত্ব, দলীয় ঐক্য ও নতুন চিন্তা দিয়ে তরুণ প্রতিনিধিরা ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি। তাদের সব ইতিবাচক উদ্যোগে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।” নতুন নেতৃত্বের সফলতা কামনা করে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম বলেন, “শ্রেণিকক্ষ ও গবেষণাগারের বাইরে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতা বিকাশে বায়োটেক ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্যনিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বায়োটেকনোলজির ভূমিকা এখন অপরিসীম। নবনির্বাচিত কমিটি সততা ও শৃঙ্খলার সঙ্গে গবেষণা-ভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশে এ খাতের অগ্রগতিতে অর্থবহ অবদান রাখবে বলে আশা করি।”

অনুভূতি প্রকাশ করে ক্লাবের নবনির্বাচিত সভাপতি ইয়ামিন হাওলাদার বলেন, “বায়োটেক ক্লাবের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। ক্লাবের নিয়মিত কার্যক্রম আরও সক্রিয় করার পাশাপাশি জাতীয় পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, বায়োটেকনোলজির প্রচার ও প্রসার, শিক্ষার্থীদের গবেষণা-টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদানে কাজ করে আসছে বায়োটেক ক্লাব। প্ল্যাটফর্মটি নিয়মিত বায়োটেকনোলজি অলিম্পিয়াড, সায়েন্টিফিক সেমিনার ও রিসার্চ ওয়ার্কশপের আয়োজন করে থাকে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon