![]()
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে প্রশাসন। মাদকবিরোধী এ অভিযানে মাদক সেবনের দায়ে আটক যুবককে এক বছর ১১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) হেমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাখারিয়া এলাকায় গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নবাব আলী-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোপালপুর থানা ও হেমনগর তদন্ত ফাঁড়ির পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। টক ব্যক্তি হলেন মানিক (২৫), পিতা—গাদু শেখ, সাং—শাখারিয়া, উপজেলা গোপালপুর, জেলা টাঙ্গাইল।
অভিযানে মাদক সেবনের দায়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছর ১১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডাদেশের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনের এমন কঠোর অভিযানে এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকের বিস্তার রোধে শুধু অভিযান নয়, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক আইনগত ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।



মন্তব্য