বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 

গভীর সাগরে পাথরঘাটার নিখোঁজ ৫ জেলের একজন সাইফুল মীরের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬

 ---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বৈরী আবহাওয়া ও সাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘এফবি বরকত’ নামের মাছ ধরার ট্রলারের নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইফুল মীরের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর বুধবার গভীর সাগরে উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ পাওয়া যায়। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও চার জেলে।
নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক মো. আশরাফের পক্ষ থেকে পাথরঘাটা থেকে দুটি মাছ ধরার ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। প্রায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর একটি লাশ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া ‘এফবি বরকত’ ট্রলারটি তীরে নিয়ে আসা সম্ভব হয়নি।
সাইফুল মীরের লাশ উদ্ধারের খবর তার পরিবারে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেও বাকি চার নিখোঁজ জেলের পরিবারের উৎকণ্ঠা কাটেনি। স্বজনরা এখনো প্রিয়জনদের জীবিত ফিরে আসার আশায় অপেক্ষা করছেন।
ট্রলার মালিক আশরাফের ভাই ও পাথরঘাটা পৌর পানি সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। গভীর সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইফুল মীরের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ জেলেদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রেখে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পাথরঘাটার আশরাফ কোম্পানির মালিকানাধীন ‘এফবি বরকত’ ট্রলারটি দুই দিন আগে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বড় একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। ব্রিজের ভেতরে আটকে পড়া জেলেদের মধ্যে একজন প্রায় ২০ মিনিট পর বের হতে সক্ষম হন।
তিনি আরও জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তবে সঙ্গে থাকা পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধারে সমিতির পক্ষ থেকেও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তাদের সন্ধানে একটি ট্রলার গভীর সাগরে পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন—পাথরঘাটা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon