মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
 

সিরাজগঞ্জে গোখাদ্যবাহী ট্রাকে ৪ কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬

 ---

‎জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
‎রাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজার সামনে গোখাদ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

‎গ্রেপ্তার দুজন হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের বিশারত আলীর ছেলে ও ট্রাকচালক মো. আবু বক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার লালবর আলীর ছেলে মো. সোহাগ আলী (১৯)।

‎পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।

‎তল্লাশির একপর্যায়ে ট্রাকের চালক ও সহকারীর হেফাজত থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে ট্রাকটিও জব্দ করে পুলিশ।

‎সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, গোখাদ্য পরিবহনের আড়ালে হেরোইনের বড় একটি চালান ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। মাদক পরিবহনে কোনো ধরনের যানবাহনকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

‎পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকার দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
‎এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon