বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬

---

ঝালকাঠি প্রতিনিধি 
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এরপর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় বন সংরক্ষক ড. মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

ঝালকাঠি জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এবারের বৃক্ষমেলায় রয়েছে ১০টি স্টল। এসব স্টলে প্রায় ৪০০ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় গাছপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon