বুধবার, ৫ আগস্ট ২০২৬
 

বরিশালে জুলাই শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬

---
মোঃ আল মাশরাফি, স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া পরিবেশকর্মী ইশতিয়াক আহমেদ শ্রাবণের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর ইয়ুথনেট গ্লোবালের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ ইয়ুথনেট গ্লোবালের ফেনী ইউনিটের একজন সক্রিয় সদস্য ছিলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণের সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শ্রাবণ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের যে স্বপ্ন তিনি লালন করেছিলেন, তাঁর আত্মত্যাগ সেই আদর্শের এক উজ্জ্বল প্রতীক হয়ে থাকবে।

অনুষ্ঠানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য শান্তি, ধৈর্য ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় ইয়ুথনেট গ্লোবালের বিভিন্ন পর্যায়ের সদস্য, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রাবণের মানবিক গুণাবলি, নেতৃত্বের দক্ষতা এবং সমাজ পরিবর্তনের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর সাহস, মানবিকতা ও ন্যায়ের প্রতি অবিচল অবস্থান নতুন প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের আত্মত্যাগ আমাদের জন্য দায়িত্ববোধ, সাহস ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে যাব।

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, শ্রাবণ শুধু আমাদের একজন সহযোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নবাজ, দায়িত্বশীল ও মানবিক তরুণ। তাঁর স্মৃতি আমাদের প্রতিটি উদ্যোগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে শক্তি জোগাবে।
ইয়ুথনেট গ্লোবালের পরিবেশগত ন্যায়বিচার ও টেকসই উন্নয়নবিষয়ক সমন্বয়কারী মোহাইমিনুল ইসলাম জিপাত বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তরুণদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের স্মৃতি ও আদর্শ ন্যায়, সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সদস্যরা শহীদ শ্রাবণের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon