গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জ এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভাটিয়াপাড়া মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় খুলনাগামী দোলা পরিবহনে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট শরীরের ভেতরে বহন করে ঢাকার মাধ্যমে দোলা পরিবহনে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার পেটের ভেতরে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত হয়।
চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ওষুধ সেবনের পর তিনি মলত্যাগ করলে বিশেষভাবে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা বের হয়ে আসে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



মন্তব্য