সোমবার, ২৭ জুলাই ২০২৬
 

রাজবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—গোয়ালন্দ উপজেলার আক্কাস আলী (৩৫), পূর্ব উজানচর এলাকার রানা সরদার (২৪) এবং রমজান মাতুব্বরপাড়া এলাকার রয়েল শেখ (২৫)।
পরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির খান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতাও বাড়ানো হবে।”
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon