![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও দৌলতদিয়া নৌ পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৬ হাজার টাকা।
রোববার (২৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের উপস্থিতিতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন এলাকায় উদ্ধার করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ জানায়, নদীতে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হচ্ছে। এতে নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “পদ্মা নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে যারা মাছ শিকার করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীতে কোনোভাবেই অবৈধ জাল ব্যবহার করতে দেওয়া হবে না। মৎস্যসম্পদ সংরক্ষণে নৌ পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
দৌলতদিয়া নৌ পুলিশ আরও জানায়, মৎস্যসম্পদ রক্ষা এবং নদীতে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।



মন্তব্য