![]()
জাহিদ হাসান, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ারও প্রদান করা হয়।
শনিবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজিপুরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাকমান আলী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওয়াহীদুজ্জামান মিনু এবং উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম রেজা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার চর্চা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। সভাপতির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রেখে লেখাপড়ায় মনোযোগী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, পানির ফ্লাস্ক, ইরেজার, শার্পনার, গাছের চারা, সার ও ওয়াল ঘড়িসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি ১৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। এর মাধ্যমে উপজেলায় এ পর্যন্ত মোট ৪০ জন প্রতিবন্ধী হুইলচেয়ার সহায়তা পেয়েছেন।



মন্তব্য