![]()
জাবি প্রতিনিধি
শিক্ষার্থীদের সুবিধার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে দুটি মোবাইল চার্জিং পয়েন্ট উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। আজ রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় প্রযুক্তি সংস্থা ‘রাইজ’-এর সহযোগিতায় চার্জিং স্টেশন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব। তিনি বলেন, বর্তমানে সামাজিক ও ব্যক্তিগত জীবনে মোবাইল ফোন একটি অপরিহার্য প্রযুক্তি। সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এই মোবাইল চার্জিং সিস্টেমটি অত্যন্ত উপকারী হবে। শিক্ষার্থীবান্ধব এই কাজের জন্য তিনি জাকসু ও রাইজকে ধন্যবাদ জানান। একই সাথে এর আগে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেওয়া একই ধরনের উদ্যোগের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অন্যান্য ছাত্রসংগঠন শিক্ষার্থীদের কল্যাণে এভাবেই এগিয়ে আসবে।
অনুষ্ঠানে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, একাডেমিক কাজ থেকে শুরু করে দৈনন্দিন যোগাযোগে মোবাইল ফোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইস। দূরদূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে এসে ফোনে চার্জ না থাকায় সঠিক সময়ে প্রয়োজনীয় কাজ করতে পারেন না। শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে টিএসসি ও লাইব্রেরি এলাকায় চার্জিং স্টেশন দুটি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য জনসমাগমস্থলেও এমন চার্জিং পয়েন্ট স্থাপনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, জাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে এটি একটি ছোট্ট প্রচেষ্টা। টিএসসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় রয়েছে এবং শিক্ষার্থীদের নিয়মিত মিলনমেলা ঘটে, সেখানে এই চার্জিং পয়েন্ট শিক্ষার্থীদের দারুণ উপকারে আসবে। এছাড়া তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অটোমেশন প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে প্রশাসনের সহযোগিতা পেলে ক্যাম্পাসের ফ্রি ইন্টারনেট জোনের গতি বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য