সোমবার, ২৭ জুলাই ২০২৬
 

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬

---
জাহিদ হাসান, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় ফুলবর রহমান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়েরপাড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুলবর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মণ্ডলের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথা ও বুকের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় যানবাহনটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরব আলী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পরিচয় নিশ্চিত করতে সিরাজগঞ্জ সিআইডির সহায়তা নেওয়া হলে প্রযুক্তিগতভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। তারা থানায় পৌঁছালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon