![]()
জাহিদ হাসান, (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক বাসচালককে জরিমানা করাকে কেন্দ্র করে বাস শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে শহরের বাজার স্টেশন সাতরাস্তা মোড়ে তারা বাস আড়াআড়িভাবে রেখে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা রোডসহ শহরে প্রবেশ ও বের হওয়ার বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ চলার পর প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার জানান, বাজার স্টেশন এলাকায় যানজটের কারণে একটি বাস আটকে ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযানে এসে ওই বাসের চালককে জরিমানা করেন। চালকের কাছে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ না থাকায় তাকে হাতকড়া পরানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, যেখানে বাস থামানো নিষিদ্ধ, সেখানে একটি বাস দাঁড়িয়ে থাকার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয় এবং অবরোধ প্রত্যাহারের পর শহরের সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।



মন্তব্য