রবিবার, ২৬ জুলাই ২০২৬
 

সিরাজগঞ্জে জামিরতা ভিশন সেন্টারের উদ্বোধন, প্রযুক্তিনির্ভর সমান স্বাস্থ্যসেবার প্রত্যয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬

---

‎জাহিদ হাসান,  (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের যমুনা নদীতীরে প্রতিষ্ঠিত জামিরতা ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আর্থিক অবস্থান নির্বিশেষে সবাই সমান চিকিৎসাসেবা পেতে পারেন।

‎শনিবার (২৫ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, একসময় গ্রামাঞ্চলে চক্ষু শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশনের সেবা দেওয়া হতো। বর্তমানে প্রযুক্তির উন্নয়নের কারণে সেই সেবাকে আরও কার্যকর ও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে।
‎তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের সেবা নিশ্চিত করা। দায়িত্ব পালনের সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে।
‎তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বিভেদ ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। সম্প্রীতি, সহনশীলতা এবং সমঅধিকারের ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

‎প্রফেসর এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ এবং স্থপতি ফাহমিদা মুহিত।

‎অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই ভিশন সেন্টারের মাধ্যমে টেলিমেডিসিন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় স্থানীয় রোগীরা দেশেই থেকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন। এতে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নত চক্ষু চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টদের আশা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon