![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) শহীদ সালাম-বরকত হলের ৫২তম আবর্তনের উদ্যোগে অনুষ্ঠিত “আন্তঃহল স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে দাবা, ক্যারাম, বল নিক্ষেপ ও লুডুসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়। পাশাপাশি সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিশেষ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, দাবা প্রতিযোগিতায় ১৬ জন প্রতিযোগী চারটি গ্রুপে অংশ নেন। এতে হাবিব (৫১তম আবর্তন) প্রথম, মওলানা ভাসানী হলের সুবির (৫৫তম আবর্তন) দ্বিতীয়, আশিক (৫১তম আবর্তন) তৃতীয় এবং আল-বিরুনী হলের অভি (৫৫তম আবর্তন) চতুর্থ স্থান অর্জন করেন।
ক্যারাম প্রতিযোগিতায় ১২ জন প্রতিযোগী তিনটি গ্রুপে অংশ নেন। এতে রিয়াদ (৫৫তম আবর্তন) প্রথম এবং আতিক (৫৩তম আবর্তন) দ্বিতীয় হন। ল নিক্ষেপ প্রতিযোগিতায় ২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে আপেল মাহমুদ (৫৫তম আবর্তন) প্রথম এবং মুজিব (৫৫তম আবর্তন) দ্বিতীয় স্থান অর্জন করেন।
লুডু প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগী পাঁচটি গ্রুপে অংশ নেন। এতে রাফি (৫৫তম আবর্তন) প্রথম এবং মুজিব (৫৫তম আবর্তন) দ্বিতীয় হন।
এছাড়া সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের বিশেষ প্রতিযোগিতায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম প্রথম, সিয়াম স্যার দ্বিতীয় এবং ৫২তম আবর্তনের আব্দুল মোত্তালেব সুইট তৃতীয় স্থান অর্জন করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫৫তম আবর্তনের সকল শিক্ষার্থীকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীল ও ক্রীড়ামুখী রাখতে পারলে তারা যেকোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড, মোবাইল আসক্তি কিংবা মাদক থেকে দূরে থাকবে। শহীদ সালাম-বরকত হলের সুশৃঙ্খল পরিবেশ ও ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ধরে রাখতে হল প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”
টুর্নামেন্টের অন্যতম আয়োজক মো. সাহিদ তালুকদার (৫২তম আবর্তন) বলেন, “মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। সুস্থ প্রতিযোগিতা, ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা সম্ভব।”
আরেক আয়োজক ৫২তম আবর্তনের সাইদুল ইসলাম মারুফ বলেন, “খেলাধুলা মানুষকে শুধু বিজয়ী নয়, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে। এখানে প্রতিযোগিতার পাশাপাশি গড়ে ওঠে বন্ধুত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল সংসদের ভিপি মারুফ হোসেন (৪৯তম আবর্তন), জিএস মাসুদ রানা মিস্টু (৪৮তম আবর্তন), হাবিবুর রহমান আসিফ (৪৭তম আবর্তন), আব্দুল আলিফ (৫১তম আবর্তন), তাইফ আজিম (৫১তম আবর্তন), মো. সাহিদ তালুকদার (৫২তম আবর্তন), আব্দুল মোত্তালেব সুইট (৫২তম আবর্তন), মাইনুল ইসলাম শান্ত (৫২তম আবর্তন), সাইদুল ইসলাম মারুফ (৫২তম আবর্তন), মো. আবিদুর রহমান (৫২তম আবর্তন), লাজিম লিমন (৫২তম আবর্তন), মনির হুসাইন মিরন (৫২তম আবর্তন)সহ হলের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা।



মন্তব্য