রবিবার, ৯ আগস্ট ২০২৬
 

প্রাণিসম্পদ খাত এগিয়ে নিতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬

---

বাকৃবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন বলে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত সারাদেশে প্রাণিসম্পদ খাতের খোঁজ রাখেন।এই সেক্টরে সর্বাধিক উন্নতিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। আমি বলতে চাই, এই সেক্টরকে এগিয়ে নিতে করণীয় ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিবো। বর্তমানে ভেটেরিনারি হাসপাতাল মূলত ঢাকাকেন্দ্রিক। প্রাণীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের চিন্তা করছি। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এক সময় ভেটেরিনারিয়ানদের মানুষ এত গুরুত্ব দিত না। তবে এখন পরিধি বেড়েছে। এই সেক্টরে যত গবেষণা হবে, তত উন্নত হবে। খাদ্যের নিরাপত্তা দিতে চাইলে পশুটি সঠিক, রোগ মুক্ত ও খাওয়ার উপযোগী কিনা সেটির নিশ্চিত করতে হবে। এখন মানুষ খাদ্য নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষ সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। প্রোটিন চাহিদা মেটাতে প্রাণীসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে হলে প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করতে হবে। পশুপাখিকে সুস্থ রাখা, রোগ প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে গবেষণা ও আধুনিক চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ জরুরি। এই খাতে যত বেশি গবেষণা হবে, তত বেশি নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব হবে। ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি ইতিমধ্যেই প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সাথে কথা বলেছি এবং প্রধানমন্ত্রীকে অবহিত করে আপনাদের চাকরির সুব্যবস্থা করার জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া ফিশারিজ সেক্টরেও প্রায় ৫০০টি পদের অনুমোদন হয়েছে। ‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যকে সামনে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে মূল দুইদিন (৮ ও ৯ আগস্ট) মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে, যার মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা। এবারের সম্মেলনে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন। । বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ড সুকুমার সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খসরুজ্জামান। এছাড়া সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম, সচিব অধ্যাপক ড. তাহসিন ফারজানা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বেসকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon