![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ( ১৯ জুন ) বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছ। তোমরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে দেশের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে, যোগ্য মানবসম্পদ কেবল একটি উচ্চ শিক্ষার সনদপত্র এবং উচ্চ পদে আসীন হওয়া বোঝায় না; এর সঙ্গে নৈতিকতা, সততা এবং মানবিক গুণাবলি জড়িত। তাই আমি নবীন শিক্ষার্থীদের এসব মানবিক গুণাবলি অর্জনের পাশাপাশি সমাজ সচেতন একজন মানুষ হওয়ার আহ্বান জানাই। আমি নবীন শিক্ষার্থীদের কাছ থেকে উন্নত, প্রগতিশীল এবং প্রশংসনীয় মূল্যবোধ প্রত্যাশা করছি।” উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, “তোমরা কঠোর প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে মেধার স্বাক্ষর রেখে দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য ও গৌরবময় ঐতিহ্যের অংশ হতে পেরে এক অনন্য সুযোগ লাভ করেছ। বিশ্ববিদ্যালয় কেবল উচ্চতর ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি মুক্তবুদ্ধি চর্চা, সংস্কৃতি এবং আত্ম-আবিষ্কারের এক বিশাল মঞ্চও বটে। এখানে তোমাদের এই নতুন পথচলাকে সফল করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। আমরা চাই তোমরা শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত না হয়ে, একজন মানবিক, নৈতিক ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে ওঠো। সময়কে সঠিকভাবে কাজে লাগাও, নিয়মানুবর্তিতা মেনে চলো এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অবিচল থাকো।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন ও মূল্যবোধ মেনে চলে তোমরা এই প্রতিষ্ঠানের সম্মান আরও উজ্জ্বল করবে, এটাই আমার প্রত্যাশা।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্ব স্ব অনুষদের ডিন এবং পরিচালকের নিকট পাঠদানের জন্য উপস্থাপন করেন এবং তাঁরা নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করে নেন। অনুষ্ঠানে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস ও ছাত্রশিবির জাবি শাখার সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ছাত্রদলের জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রশক্তি জাবি শাখার সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব, ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া, জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম, জাবি প্রেস ক্লাবের সভাপতি এস এম তাওহীদ নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।



মন্তব্য