![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ( ১৭ জুন ) রাত ৮টায় হল ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমানের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এ সময় হল ছাত্রদলের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাসিত হন নবীনরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশে এসেই এ ধরনের শিক্ষার্থীবান্ধব কর্মসূচি পেয়ে খুবই ভালো লাগছে। আমরা ক্যাম্পাসে আসার পর গণরুম, গেস্টরুম কিংবা র্যাগিংয়ের বিষয়ে আতঙ্ক থাকলেও এখন অনেকটা ভালো স্বস্তিবোধ করছি। হল ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন আয়োজনের জন্য।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান বলেন, “৫৫তম আবর্তনের শিক্ষার্থীদের স্বাগত জানাই। তোমরা নিজেদের মেধা ও যোগ্যতায় এই বিশ্ববিদ্যালয়ে এসেছো। বিশ্ববিদ্যালয় জীবন তখনই সফল হবে, যখন এখান থেকে বিদায়ের সময় বলতে পারবে কাউকে অন্যায়ভাবে আঘাত করোনি, কারও প্রতি অবিচার করোনি।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কেউ সিট বা অন্য কোনো কিছুর ভয় দেখিয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করতে পারবে না। আমরা একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় তোমাদের অনেক কিছু দেবে, তবে দেশের মানুষের করের টাকায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের প্রতি তোমাদেরও দায়িত্ব রয়েছে। সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়াবে, অন্যায়ের প্রতিবাদ করবে এবং সময়ের সঠিক ব্যবহার করে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। আমরা সব সমস্যার সমাধান করতে না পারলেও শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সবসময় পাশে থাকব।’



মন্তব্য