শনিবার, ১৩ জুন ২০২৬
 

উচ্চশিক্ষায় নেতৃত্ব ও সুশাসন বিষয়ে অভিজ্ঞতা অর্জনে অস্ট্রেলিয়া যাচ্ছেন বেরোবি উপাচার্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬

 ---

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি;
উচ্চশিক্ষায় নেতৃত্ব, সুশাসন, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত একটি স্টাডি ট্যুরে অংশ নিতে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। আগামী ১৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ সফরে দেশের আরও সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেবেন।

সফরের মূল উদ্দেশ্য হলো উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় নেতৃত্ব, সুশাসন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় অস্ট্রেলিয়ার উন্নত অভিজ্ঞতা ও কার্যকর চর্চাগুলো সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করা।

সফরসূচি অনুযায়ী, প্রথম দিনে অংশগ্রহণকারী উপাচার্যরা মেলবোর্নে পৌঁছে স্থানীয় পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা এবং সাংস্কৃতিক রীতিনীতি বিষয়ে একটি ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নেবেন। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজ, সামাজিক সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক নীতিমালার বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা অর্জন করবেন তারা।

তৃতীয় দিনে অধ্যাপক ড. শওকাত আলী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অব হায়ার এডুকেশন আয়োজিত ‘উচ্চশিক্ষায় নেতৃত্ব ও শাসনব্যবস্থা’ বিষয়ক কর্মশালায় অংশ নেবেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নেতৃত্ব বিকাশ, আর্থিক ও মানবসম্পদ ব্যবস্থাপনা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা করা হবে।

সফরের অংশ হিসেবে তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং বিশ্ববিদ্যালয়টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া সফরের শেষ দিকে ‘বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তি’ বিষয়ক গোলটেবিল বৈঠক ও আলোচনা সভায় অংশ নেবেন, যেখানে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, সামাজিক ন্যায়বিচার, সমতা এবং শিক্ষা ও গবেষণায় অংশগ্রহণ নিশ্চিতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
একই সঙ্গে ভিক্টোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য একাডেমিক ও গবেষণা সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিশ্বব্যাপী স্বীকৃত। এ সফরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা, গবেষণা সহযোগিতা, আন্তর্জাতিকীকরণ এবং দক্ষতা উন্নয়নের নানা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে।”

তিনি আরও বলেন, “এই সফর থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon