![]()
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালিতে পুলিশের টহল অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন এবং পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা আছে বলে জানান। রবিবার (৭ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুজখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়। আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী । পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য