শনিবার, ১১ এপ্রিল ২০২৬
 

জবিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধিতে মহড়া

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৫ মার্চ ২০২৩

---

রাকিবুল হাসান রাকিব জবি প্রতিনিধি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া।

রবিবার (৫ মার্চ) দুপুর ১২টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ভূমিকম্পে করণীয়, অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এ ছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় ব্যক্তিগত পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা ও রোগীদের অগ্রাধিকারের ভিত্তিতে নিরাপদ ভবন থেকে বের করা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের ৫০ জন কর্মী অংশগ্রহণ করেন। এ ছাড়া এফ. এস. সি. ডি ভলেন্টিয়ার, বিএনসিসি, রোভার স্কাউটস, রেঞ্জার ও পুলিশ সদস্যরা এতে অংশ নেন।
মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেন, ‘আমরা স্যাটেলাইট ব্যবহার করে আবহাওয়ার মাধ্যমে বিভিন্ন দূর্যোগ সম্পর্কে জানতে পারলেও ভূমিকম্প সম্পর্কে জানতে পারি না। কিন্তু ফায়ার সার্ভিসের এই মহড়া দেখার মাধ্যমে ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে জানার মাধ্যমে সচেতন হতে পারব।’
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং দুর্যেোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক জনাব মো. ফিরোজ উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. ইমদাদুল হক বলেন, ‘বাংলাদেশ প্রকৃতিকভাবে একটি ঝুকিপূর্ণ এলাকা। বছরের বিভিন্ন সময়ে নানারকম দূর্যোগের সম্মুখীন হয়ে থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবন গুলো অনেক পূর্বে নির্মিত হওয়ায় বেশির ভাগ ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিছুদিন পূর্বে ছাত্রী হলের রান্নাঘরে আগুন লেগেছিলো। ফায়ারসার্ভিস টিম এসে দ্রুত নিয়ন্ত্রণ করেছিলো। বাংলাদেশের বিভিন্ন রোল মডেল প্রতিষ্ঠান গুলোর ভেতর ফায়ার সার্ভিস একটি অন্যতম দক্ষ প্রতিষ্ঠান। তারা নিজেদের দক্ষতার মাধ্যমে অনেক দূর্যোগের ভয়াবহ ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ সক্ষম হয়েছে। তাই তাদের এই মহড়াগুলো পর্যবেক্ষণের মাধ্যমে দূর্যোগ সম্পর্ক সচেতন হতে পারব আমরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon