![]()
স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি, সাম্য, মানবতা, দ্রোহ ও চেতনার আলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে, নজরুল বর্ষ, উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে একযোগে দেশব্যাপী আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,এম এ হাফিজ, নান্নুসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিযোগিতায় নলডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। নজরুলের কবিতা, গান ও সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন দিককে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও গভীর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য ও দর্শন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহস জোগায় এবং মানুষকে মানবিক হতে শেখায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের চেতনা পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ সম্পর্কে জানার পাশাপাশি তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।



মন্তব্য