![]()
জাহিদ হোসাইন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা রয়েছে। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন। এ সময় নজরুলের কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য