শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
 

প্রেমিকার বিয়ের দিন সিরাজগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুকের পোস্ট ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬

---
‎জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
‎সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত রাকিব প্রামাণিক উপজেলার জটিবাড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা সোহরাব প্রামাণিকের ছেলে। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাকিবের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কয়েকটি আবেগঘন পোস্ট প্রকাশিত হয়। পোস্টে তিনি নিজের মানসিক কষ্টের কথা উল্লেখ করে পরিবার, বন্ধু ও পরিচিতজনদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি একটি তরুণীর সঙ্গে নিজের সম্পর্ক এবং তার বিয়ে নিয়ে হতাশার কথাও লেখেন। ওই পোস্টগুলোতে তিনি কয়েকজন ব্যক্তির নামও উল্লেখ করেন।
‎পোস্ট প্রকাশের কিছু সময় পর স্থানীয়রা ফেসবুকে দেওয়া তথ্যের সূত্র ধরে জটিবাড়ি গ্রামের একটি আমবাগানে গিয়ে একটি গাছের সঙ্গে রাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা কামারখন্দ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

‎খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‎কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

‎এদিকে, মৃত্যুর আগে দেওয়া রাকিবের ফেসবুক পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে পোস্টে করা ব্যক্তিগত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখছে পুলিশ।

‎স্থানীয়দের ভাষ্য, রাকিব শান্ত স্বভাবের ছিলেন। আকস্মিক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon