![]()
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
রাজধানীর সিদ্ধেশ্বরীতে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পুলিশের অভিযানের সময় বহুতল ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম (৫১) নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে রমনা থানার পুলিশ সিদ্ধেশ্বরী রোডের একটি বহুতল ভবনে অভিযান চালায়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতেই এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় প্রথমে ফ্ল্যাটের ভেতরে নজরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। পরে শোবার ঘরের পাশের সরু কার্নিশে তাকে দাঁড়িয়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, তাকে নিরাপদে ঘরের ভেতরে ফিরে আসতে বারবার অনুরোধ করা হয়। একপর্যায়ে তিনি পাশের ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত প্রায় ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, দুদকের মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবেই পুলিশ ওই বাসায় অভিযান চালায়। কার্নিশ থেকে পড়ে যাওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুদক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫-এ হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে নজরুল ইসলামের বিরুদ্ধে। ওই অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে দুদকের করা মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঘটনার সময় বাসায় তার স্ত্রী রওশনারা বেগম উপস্থিত ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের একমাত্র ছেলে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
উল্লেখ্য, কার্নিশ থেকে পড়ে যাওয়ার ঘটনাপ্রবাহ পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক তথ্যের ভিত্তিতে বর্ণনা করা হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের পর ঘটনাটির পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।



মন্তব্য