![]()
মোঃ জাহিদ, হাসাননবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, এর তাৎপর্য এবং জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। এই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক গড়ে তুলতে এ ধরনের দিবস পালনের গুরুত্ব অপরিসীম।”
এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সাগর আলী। তিনি বলেন, “ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়।”
বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা জাতীয় দায়িত্ব। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মূল্যবোধকে ধারণ করেই একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।



মন্তব্য