মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
 

পাথরঘাটায় ভয়াবহ লোডশেডিং: বরফ সংকটে সাগরে যেতে পারছেন না জেলেরা, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকট জনজীবনকে কার্যত অচল করে তুলেছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলে, বরফকল মালিক, ব্যবসায়ী এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, অনেক এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর টানা তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকে না। দিন-রাতের কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও নাজুক বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
বিদ্যুৎ ঘাটতির কারণে উপজেলার বরফকলগুলোতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। ফলে জেলেদের প্রয়োজনীয় বরফ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত বরফের অভাবে মাছ সংরক্ষণে ঝুঁকি তৈরি হওয়ায় অনেক ট্রলার গভীর সাগরে যাত্রা স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। এতে ট্রলার মালিক ও জেলেরা প্রতিদিন বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মৎস্যনির্ভর এ উপজেলার অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে।
এদিকে, তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে পড়াশোনা ব্যাহত হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। অনেকেই মোমবাতি বা কুপির আলোয় পড়াশোনা চালিয়ে যেতে বাধ্য হলেও গরম ও অস্বস্তির কারণে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও।
একাধিক গ্রাহক অভিযোগ করেন, পাথরঘাটা পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ জানানো হলেও অনেক সময় কার্যকর সাড়া পাওয়া যায় না। এছাড়া নতুন বিদ্যুৎ সংযোগ ও মিটারসংক্রান্ত বিভিন্ন সেবায় দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “বরফের অভাবে বহু ট্রলার সাগরে যেতে পারছে না। এতে প্রতিদিন লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ট্রলার মালিক ও জেলেরা।”
সমাজকর্মী ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদিরুজ্জামান বলেন, বর্তমানে পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ আসে ভান্ডারিয়া থেকে। প্রায় ৬৬ কিলোমিটার দীর্ঘ এই সঞ্চালন লাইনের মাঝখানে মঠবাড়িয়া উপজেলার ৩৩ কেভি লাইন থাকায় প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং দেখা দেয়।
তিনি বলেন, “পাথরঘাটায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হলে বরগুনা থেকে সরাসরি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা জরুরি। এতে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট অনেকটাই দূর হবে।”
এ বিষয়ে পাথরঘাটা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আরিফ শাহরিয়ার বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস সংকট সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। উপজেলায় দৈনিক প্রায় ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ মেগাওয়াট। এ কারণেই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হবে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলমান এ বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে পাথরঘাটায় বরগুনা থেকে সরাসরি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করারও জোর দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon