![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বরগুনার পাথরঘাটায় গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা। শনিবার (১ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে পৌরসভার ইমান আলী সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মাসুদুল আলমের নেতৃত্বে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১১টা ১৫ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, পৌর জামায়াতের আমির মাওলানা মো. বজলুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন সরদার, পাথরঘাটা সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ মামুনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের দুর্ভোগ কমানো এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় বরগুনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। অন্যথায় দাবি আদায়ে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হলেও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য