শনিবার, ১ আগস্ট ২০২৬
 

নতুন কুঁড়ি স্পোর্টসে উশুতে স্বর্ণপদক জিতে কর্ণফুলীর মুখ উজ্জ্বল করলেন প্রান্তিকা দাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬

---
সাইফুল ইসলাম, চট্টগ্রাম

জাতীয় পর্যায়ের ক্রীড়া আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উশু (Wushu) প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কৃতি সন্তান প্রান্তিকা দাশ। ৪৫ কেজি ওজন শ্রেণিতে শক্তিশালী ঢাকা অঞ্চলকে পরাজিত করে তিনি স্বর্ণপদক জিতে কর্ণফুলীসহ পুরো চট্টগ্রামের জন্য গৌরব বয়ে এনেছেন।
প্রতিযোগিতার শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখান প্রান্তিকা। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের দক্ষতা, কৌশল ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে ফাইনালে ঢাকা অঞ্চলের প্রতিযোগীকে পরাজিত করে স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও প্রান্তিকার এই অর্জনকে কর্ণফুলীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তাদের মতে, পর্যাপ্ত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে প্রান্তিকার মতো আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন।
স্বর্ণজয়ী প্রান্তিকা দাশের এই অর্জনে কর্ণফুলীজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।
প্রান্তিকা দাশের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও কর্ণফুলীর সুনাম বিশ্বমঞ্চে তুলে ধরুন-এমন প্রত্যাশাই সবার।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিদুয়ানুল ইসলাম বলেন, “প্রান্তিকা দাশের এই অসাধারণ অর্জন কর্ণফুলী উপজেলার জন্য অত্যন্ত গর্বের। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের নয়, পুরো উপজেলার সুনাম বৃদ্ধি করেছেন। আমরা বিশ্বাস করি, তার এই সাফল্য কর্ণফুলীর নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি আগ্রহী করে তুলবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং ভবিষ্যতেও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবেন বলে প্রত্যাশা করছি।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon