![]()
মোঃ চান পাশা, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মো. শামিম মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের ঋণের কিস্তির চাপ ও মানসিক দুশ্চিন্তার কারণে তিনি চরম হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শামিম মিয়া ওই এলাকার মৃত দারু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সবজি ও ডিমের আড়তের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য কয়েকটি প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছিল। পরবর্তীতে কিস্তি পরিশোধ নিয়ে পরিবারটি আর্থিক চাপের মধ্যে পড়ে।
পরিবারের অভিযোগ, কিস্তির টাকা পরিশোধ নিয়ে চাপের কারণে শামিম মিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম দৈনিক যুগের কণ্ঠস্বরকে জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।।পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



মন্তব্য