বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
 

বিশ্বকাপে আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৬

---

ফয়সাল হোসেন
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলটির ম্যাচে রেফারিং, পেনাল্টি সিদ্ধান্ত এবং শৃঙ্খলাজনিত পরিসংখ্যান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ম্যাচের পর এসব প্রশ্ন আরও জোরালো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে বিষয়টি সামনে এনেছে।

মিশর ম্যাচের পর বিতর্ক
শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর মিশরের কোচ হোসাম হাসান অভিযোগ করেন, ম্যাচে তার দল ন্যায্য বিচার পায়নি। তিনি দাবি করেন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে ধরে রাখতেই কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। পরে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট রেফারিকে বিশ্বকাপের বাকি অংশ থেকে সরিয়ে দেওয়ার আবেদনও জানায়।
তবে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা রেফারির সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তার ভাষ্য, মাঠের সিদ্ধান্ত এবং ভিএআরের হস্তক্ষেপ আন্তর্জাতিক নিয়ম মেনেই হয়েছে।

বেশি ফাউলেও কম কার্ড
পরিসংখ্যান বলছে, কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে ফাউলের তুলনায় দ্বিতীয় সর্বনিম্ন হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনা। দলটি ৫৯টি ফাউল করলেও পেয়েছে মাত্র তিনটি হলুদ কার্ড। অর্থাৎ গড়ে প্রতি ১৯.৭টি ফাউলে একটি করে হলুদ কার্ড।
চলমান বিশ্বকাপের সব দলের মধ্যে আর্জেন্টিনার চেয়ে ভালো অনুপাত রয়েছে শুধু চেক প্রজাতন্ত্র, নরওয়ে ও তিউনিসিয়ার। তবে এই তিন দলের মধ্যে নরওয়ে ছাড়া বাকি দুটি ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

সর্বোচ্চ পেনাল্টিও আর্জেন্টিনার
২০২২ কাতার বিশ্বকাপে এক আসরে রেকর্ড পাঁচটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। এবারও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। এখন পর্যন্ত দলটি সর্বোচ্চ তিনটি পেনাল্টি পেয়েছে, যদিও এর মধ্যে দুটি পেনাল্টি মিস করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
অন্যদিকে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড পেয়েছে দুটি করে পেনাল্টি। ফ্রান্স, বেলজিয়াম ও নরওয়ে পেয়েছে একটি করে।

মেসিকে ঘিরেও বিতর্ক
টুর্নামেন্টের শুরুতে আলজেরিয়ার বিপক্ষে এক ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে বিপজ্জনক ট্যাকল করলেও মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি। ঘটনাটি ভিএআরেও পর্যালোচনা করা হয়নি।
অথচ একই ধরনের ট্যাকলের জন্য পরে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুনকে ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখানো হয়। এই বৈপরীত্য নিয়েও ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে।

ড্র এবং সূচি নিয়েও আলোচনা
বিশ্বকাপের ড্রয়ে ফিফা শীর্ষ চার র‌্যাঙ্কিংধারী দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডকে আলাদা কোয়ার্টারে রেখেছিল। ফলে সেমিফাইনালের আগে তাদের একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে বড় দলগুলোর জন্য তুলনামূলক সহজ নকআউট পথ তৈরি হয়েছে। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলছে ১৯তম র‌্যাঙ্কিংয়ের সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে স্পেনকে ইতোমধ্যেই পর্তুগালকে হারাতে হয়েছে এবং কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো।

ফ্রান্স-মরক্কো ম্যাচে পুরো রেফারিং প্যানেলই আর্জেন্টিনার
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচে প্রথমবারের মতো পুরো অন-ফিল্ড রেফারিং প্যানেলের সবাই আর্জেন্টিনার হওয়ায় নতুন বিতর্কের জন্ম হয়েছে। প্রধান রেফারি ফাকুন্দো তেল্লোর সঙ্গে দুই সহকারী, চতুর্থ কর্মকর্তা এবং রিজার্ভ কর্মকর্তাও আর্জেন্টাইন।

ফিফা জানিয়েছে, রেফারি নিয়োগের ক্ষেত্রে জাতীয়তার চেয়ে অভিজ্ঞতা, দক্ষতা ও পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেওয়া হয়। তবে ধারাবাহিক কয়েকটি ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফুটবল মহলে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon