![]()
বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় এক নারী যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো: আরমান হোসাইন (২৭) নামে এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট মো: তুহিনুর রহমান তুহিন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১০:১৩ ঘটিকায় মিরপুর-১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ সকালে ট্রাফিক পল্লবী জোনের মিরপুর-১০ নম্বরের ব্যস্ততম ক্রসিংয়ের শাহ আলী মার্কেটের সামনে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট মো: তুহিনুর রহমান তুহিন। ডিউটিরত অবস্থায় হঠাৎ একজন নারীর চিৎকারের শব্দ শুনে তিনি দ্রুত এগিয়ে যান। এ সময় তিনি লক্ষ্য করেন এক ছিনতাইকারী এক নারী যাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনতাই করে দৌঁড়ে পালাচ্ছে।
![]()
পরিস্থিতি বুঝে সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে লক্ষ্য করে ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে একপর্যায়ে ছিনতাইকারী তার হাতে থাকা ছিনতাইকৃত মোবাইল ফোনটি রাস্তা দিয়ে যাওয়া একটি বাসের নিচে ছুঁড়ে ফেলে দিয়ে আরও জোরে দৌড়াতে থাকে। কিন্তু পুলিশ সার্জেন্ট পিছু পিছু দৌড়াতে থাকেন এবং একপর্যায়ে সাহসিকতার সাথে ছিনতাইকারী আরমান হোসাইনকে হাতেনাতে জাপটে ধরতে সক্ষম হন। পরবর্তীতে বাসের নিচ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর নিকট মোবাইল ফোনটি বুঝিয়ে দেওয়া হয়।
আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে কাফরুল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য