![]()
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় ডাক পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল/৮৮১ শামীম আহমেদ (বিপি-৯৮১৮২১৬৪৫১) জিএমপির এসএফ শাখায় ডাক বাহক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।জিএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয় থেকে ডাক নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার উদ্দেশে রওনা হন কনস্টেবল শামীম আহমেদ। ডাক বিতরণের কাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
এদিকে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।শোকবার্তায় তাঁরা মরহুমের কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দায়িত্ব পালনের সময় একজন পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে জিএমপির সর্বস্তরের সদস্য গভীরভাবে শোকাহত। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
পুলিশ কর্মকর্তারা শামীম আহমেদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবারের প্রতি পুলিশের মানবিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।
দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



মন্তব্য